শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সার্বিক দক্ষতা বাড়াতে সারা বছর খেলাধুলা, সহ-পাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এটি দেশের সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
পরিপত্রে একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে এসব কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশনায় মোট ৩৫টি কার্যক্রমের তালিকা দেওয়া হয়েছে।
এর মধ্যে ১৫টি ক্রীড়া কার্যক্রমের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, কাবাডি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, সাঁতার, অ্যাথলেটিকস, তায়কোয়ান্দো, মার্শাল আর্ট এবং গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলা।
সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে রয়েছে হামদ-নাত, বাংলা ও ইংরেজি বক্তৃতা ও বিতর্ক, উপস্থিত বক্তৃতা, বই পড়া, দেয়ালিকা তৈরি, সৃজনশীল লেখা, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল কনটেন্ট তৈরি, মানসিক স্বাস্থ্য সচেতনতা, গণিত অলিম্পিয়াড ও ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি।
এ ছাড়া সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে সঙ্গীত, আবৃত্তি, একক অভিনয়, কুইজ, নৃত্য, গ্রাফিতি, চিত্রাঙ্কন এবং উৎসব ও ঐতিহ্যবিষয়ক অনুষ্ঠান রাখা হয়েছে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ক্লাব পরিচালনায়ও গুরুত্ব দিতে বলা হয়েছে।
মাউশির মতে, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি এসব কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের শারীরিক-মানসিক বিকাশ, সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর