কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) ও কম্পিউটার প্রকৌশলী আহাদ মোশাররফকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে আহাদ মোশাররফকে নিয়ে বিভিন্ন ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। বুড়িচংয়ের বাকশীমূল ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতারা জানান, আহাদ মোশাররফ কোনো রাজনৈতিক দলের পদধারী নেতা ছিলেন না। অথচ তাঁকে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলের কিছু জাতীয় অর্জন নিয়ে করা ফেসবুক পোস্ট এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অরাজনৈতিক ছবি ব্যবহার করে আহাদ মোশাররফের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির অনেক নেতা-কর্মী।
এলাকাবাসীর ভাষ্যমতে, তথ্যপ্রযুক্তিতে দক্ষ আহাদ মোশাররফ সংসদ সদস্য জসীম উদ্দিনের পিএস হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার কাজও করছেন। তাঁর এই পেশাগত কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে আহাদ মোশাররফ বলেন, নির্বাচনের আগে থেকেই একটি গোষ্ঠী তাঁকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘এমপি মহোদয় আমার সম্পর্কে সব তথ্য জেনেই আমাকে এই পদে নিয়োগ দিয়েছেন। কারও অপপ্রচার বা ভিত্তিহীন অভিযোগ আমাকে আমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।’
স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে সামাজিকভাবে হেয় করার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর