লাঠি হাতে সড়কে নেমে মাদকের বিরুদ্ধে সরব হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ এলাকার ছাত্র-জনতা। ‘মাদকমুক্ত হাসানগঞ্জ চাই’ দাবিতে এ মিছিল ও সমাবেশ করেন তারা। মাদক ব্যবসা বন্ধ ও মাদকের আস্তানা উচ্ছেদের দাবিতে দেওয়া স্লোগানে মুখর হয়ে ওঠে হাসানগঞ্জ বাজার ও আশপাশের এলাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাতে লাঠি নিয়ে স্থানীয় ছাত্র-জনতা ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকেরা হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর সভাপতি আ. রহমান শিপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অন্যরা।
বক্তারা বলেন, হাসানগঞ্জকে মাদকমুক্ত করা কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়, এটি পুরো এলাকার মানুষের দাবি। মাদকবিরোধী কার্যক্রম শুধু বিচ্ছিন্ন অভিযান বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মাদকের উৎস, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
ব্ক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসানগঞ্জে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা আরও দৃশ্যমান ও কার্যকর হওয়া প্রয়োজন। শুধু মাঝে মধ্যে অভিযান নয়, মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সমাবেশ থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। এলাকাটিতে নজর রাখা হচ্ছে, যেখানেই মাদকের সন্ধান পাবে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কোন ছাড় নেই বলে জানান তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর