জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গুরুড়া গ্রামের বাসিন্দা লিবিয়া প্রবাসী যুবক তরিকুল ইসলামের (২৫) মারা যাওয়ার ৯ মাস লাগলো স্বজনদের নিকট তাঁর মরদেহ পৌঁছাতে। এ যেন স্বজনদের ধৈর্যের পরীক্ষা। নানা আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে এই সময় ক্ষেপণ বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ও জীবিকার সন্ধানে প্রায় সাত বছর আগে লিবিয়ায় পাড়ি জমান তরিকুল। এ অবস্থায় ভালোই কাটছিলো তরিকুলের পরিবার। কিছু টা স্বচ্ছলতাও ফিরে আসে পরিবারে। সেই ভালো বেশিদিন ভাগ্যে টিকলোনা। সেখানে অবস্থানকালে গত ৩ জানুয়ারি ২০২৬ হঠাৎ করেই তাঁর মৃত্যু হয়। তরিকুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের জাহাঙ্গীর প্রামানিকের ছেলে। মারা যাওয়ার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে তরিকুলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হলেও তা দীর্ঘ সময় লেগে যায়।
অবশেষে শনিবার সকালে বিমানযোগে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ পৌঁছে। সেখান থেকে সন্ধ্যার কিছু আগে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তরিকুলের কফিন জড়িয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। স্বজনদের কান্নায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পরে তরিকুলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তরিকুলের পিতা জাহাঙ্গীর প্রামানিক বলেন, পিতার কাঁধে সন্তানের মরদেহ। এরকম ভাগ্য আর যেন কারও না হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর