ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালকের গলায় ছুরি ঠেকিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক রাকিবুল হাসান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার অন্তর (২২) ও ইয়াছিন (২০)। এ সময় তাদের সহযোগী মারুফ (২২) নামে এক ব্যক্তি পালিয়ে যায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের বিষ্ণুপুর এলাকার ইজিবাইক চালক রাকিবুল হাসান তার সহযোগী আব্দুল আলীমকে নিয়ে আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রী অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তরা ১০০ টাকার বিনিময়ে ইজিবাইকটি রিজার্ভ করে সোহাগী যাওয়ার কথা বলে যাত্রীবেশে উঠে। পথে রাত পৌনে ৮টার দিকে বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা চালকের গলায় চাকু ঠেকিয়ে ইজিবাইক থামাতে বলে। চালক বাধা দিলে ইয়াছিন তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে রাকিবুলের বাম হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তাকে রাস্তার পাশে ফেলে দেয়। একই সময় পলাতক আসামি মারুফ চালকের সহযোগী আব্দুল আলীমের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং তার মোবাইল ফোন ও ক্যাশবক্সে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে অন্তর ও ইয়াছিন ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করলে চালক ও তার সহযোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকসহ ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর