• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৬ বিকাল

সাংবাদিক কাজী ফরিদকে হুমকি, আরএফইডির উদ্বেগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সহসভাপতি কাজী ফরিদ আহমদকে অজ্ঞাতনামা ব্যক্তির হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আরএফইডি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আরএফইডি'র দপ্তর সম্পাদক নাজনীন লাকীর পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদকে অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি।

সাধারণ ডায়েরির কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বনানী থানায় করা সাধারণ ডায়েরিতে কাজী ফরিদ আহমদ উল্লেখ করেন, ৮ সেপ্টেম্বর ২০২৬ আনুমানিক রাত ১১টা ১৯ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় অবস্থানকালে তার মোবাইল ফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল আসে। কলকারী নিজের পরিচয় না দিয়ে তাকে তার কর্মস্থলে যেতে নিষেধ করেন। সেখানে গেলে তার ক্ষতি করার পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে আরও বলা হয়, হুমকির ঘটনায় কাজী ফরিদ আহমদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান।

এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেস্বর) আরএফইডি'র সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের নির্বাচনি দায়িত্ব পালনের পাশাপাশি গণতন্ত্র ও নির্বাচন বিষয়ে কাজ করা সংগঠনের একজন দায়িত্বশীল নেতাকে এভাবে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হুমকি শুধু একজন ব্যক্তির নিরাপত্তার জন্যই নয়, গণমাধ্যমকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রেও হুমকি সৃষ্টি করে।

তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিক বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের জন্যও উদ্বেগজনক।

আরএফইডি'র নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাজী ফরিদ আহমদকে দেওয়া হুমকির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা কাজী ফরিদ আহমদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার দাবি জানান।

বিবৃতিতে আরএফইডি'র সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। কাজী ফরিদ আহমদকে হুমকির ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রশাসনকে তার দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]