• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ রাত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসবিবিএস প্রিমিয়ার লীগ ২০২৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস)-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘এসবিবিএস প্রিমিয়ার লিগ ২০২৬’। প্রতিযোগিতামূলক ফুটবলের পাশাপাশি আইনজীবী ও তাঁদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত পারিবারিক ও পেশাজীবী মিলনমেলায়।

লন্ডনের পপলার ওয়ার্কহাউস ফুটবল পিচে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। দলগুলো হলো লেক্সউইন সলিসিটরস, এসডব্লিউএফ সলিসিটরস, এসবিবিএস টাইগার্স, ল’ম্যাটিক-২, এমকিউ সলিসিটরস, ল’ম্যাটিক-১, ইন্টারন্যাশনস লিগ্যাল সলিসিটরস, সরকার সলিসিটর, লন্ডনিয়াম এবং উইলডান লিগ্যাল। দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে এবং পরবর্তী নকআউট পর্বের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করে দুই দল।

দিনের সবচেয়ে আকর্ষণীয় ফাইনালে মুখোমুখি হয় উইলডান লিগ্যাল ও ইন্টারন্যাশনস লিগ্যাল সলিসিটরস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় শিরোপার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে জয় তুলে নিয়ে উইলডান লিগ্যাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইন্টারন্যাশনস লিগ্যাল সলিসিটরস হয় রানার্স-আপ।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ল’ম্যাটিক-২-এর বিপক্ষে জয় পেয়ে এমকিউ সলিসিটরস দ্বিতীয় রানার্স-আপ হয়। ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিতে এমকিউ সলিসিটরসের খেলোয়াড় মাহ্দী ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে গোলপোস্টের নিচে ধারাবাহিক ও অসাধারণ পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনস লিগ্যাল সলিসিটরসের গোলরক্ষক রিয়াজ ‘বেস্ট গোলকিপার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার অর্জন করেন।

এসবিবিএসের ভাইস প্রেসিডেন্ট কাহার চৌধুরী এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমরুল শেখ ইমু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মুহাম্মাদ নুরুল গাফ্ফার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোজাম্মেল হোসাইন কেসি, ব্যারিস্টার নাজির আহমেদ এবং এসবিবিএসের সাবেক প্রেসিডেন্ট ফরিদা হাকিম।

টুর্নামেন্ট আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসবিবিএসের গভর্নিং বডির সদস্য এম এ শাফি। এছাড়া সংগঠনের গভর্নিং বডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রেজারার মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, কালচারাল সেক্রেটারি কাজী আশিক, প্রেস সেক্রেটারি ফারজানা, গভর্নিং বডির সদস্য আব্দুর রউফ রুবেল, সুহেল আহমেদ ও সাঈদ বাকিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল আইনজীবী পরিবারের শিশুদের নিয়ে আয়োজিত একটি ফান ফুটবল ম্যাচ। বাবা-মায়ের উপস্থিতিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাঠে তৈরি করে ভিন্নমাত্রার আনন্দঘন পরিবেশ। পেশাগত আয়োজনের গণ্ডি পেরিয়ে সদস্যদের পরিবারগুলোর অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ পারিবারিক মিলনমেলায় রূপ দেয়।

প্রধান অতিথি ব্যারিস্টার মুস্তাক আহমেদ চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসবিবিএস প্রেসিডেন্ট মুহাম্মাদ নুরুল গাফ্ফার বলেন, সদস্যদের পেশাগত জীবনের পাশাপাশি তাঁদের মানসিক ও সামাজিক সুস্থতা (ওয়েলবিয়িং)-এর প্রতিও সংগঠন গুরুত্ব দেয়। তাঁর মতে, প্রিমিয়ার লিগের মতো আয়োজন আইনজীবী ও তাঁদের পরিবারকে একত্রিত করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও শক্তিশালী করে।

দিনব্যাপী খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন উইলডান লিগ্যাল, রানার্স-আপ ইন্টারন্যাশনস লিগ্যাল সলিসিটরস এবং দ্বিতীয় রানার্স-আপ এমকিউ সলিসিটরসের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। একই সঙ্গে টুর্নামেন্টে ব্যক্তিগত কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দেরও সম্মাননা দেওয়া হয়।

খেলার জয়-পরাজয় ছাপিয়ে এসবিবিএস প্রিমিয়ার লিগ ২০২৬ ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী সমাজ ও তাঁদের পরিবারের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার একটি সফল আয়োজন হিসেবে শেষ হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]