• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
আব্দুল্লাহ আল নাইম
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত

নবীনদের বরণ করল নোবিপ্রবি, জানানো হলো উন্নয়নের নানা পরিকল্পনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ, নতুন আবাসিক হল ও একাডেমিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানানো হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার জায়গা নয়

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, দীর্ঘদিনের অধ্যবসায়, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয় তাঁদের শুধু ডিগ্রি দেবে না, ভিন্নমতকে সম্মান করা এবং দেশের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে ভূমিকা রাখার শিক্ষাও দেবে। তিনি বলেন, নতুন বাস্তবতা ও অভিজ্ঞতার মুখোমুখি হলেও শিক্ষার্থীদের জ্ঞান অর্জন থেকে দূরে সরে যাওয়া যাবে না। জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে দেশকে আলোকিত করার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের সঙ্গে শিক্ষকদের আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে। পাশাপাশি মানুষের কল্যাণে কাজে লাগে—এমন গবেষণায় শিক্ষকদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

ক্যাম্পাস বাড়ানোর পরিকল্পনা

অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, নোবিপ্রবির বর্তমান ১০০ একর ক্যাম্পাসের পাশাপাশি আরও ১০০ থেকে ১৫০ একর জমিতে ক্যাম্পাস সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ অঞ্চলে একটি সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে সমুদ্রের সম্পদ নিয়ে গবেষণার পাশাপাশি এসব সম্পদের সম্ভাবনা কাজে লাগানোর পথ তৈরি হবে। এ ছাড়া সোনাপুরের দক্ষিণে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক চার লেনে উন্নীত করার কাজ শিগগির শুরু হবে বলে জানান তিনি। সোনাপুর রেলওয়েকে আরও দক্ষিণে সম্প্রসারণ করে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি নতুন একটি রেলস্টেশন করার পরিকল্পনার কথাও জানান সংসদ সদস্য।

‘শিক্ষার্থীদের চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, নোবিপ্রবি বর্তমানে র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে এবং গবেষণায়ও এগিয়ে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের জন্য এটি উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, শুধু চাকরির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করলে হবে না, তাঁদের চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত ধারণা ও প্রযুক্তি শিল্পে প্রয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চার নতুন হল নির্মাণের উদ্যোগ

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবীন শিক্ষার্থীরা তাঁদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ দিয়ে নোবিপ্রবিকে আরও সমৃদ্ধ করবে—এটাই তাঁদের প্রত্যাশা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; এটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।’

উপাচার্য জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছে। একাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ শিগগির শুরু হবে। পাঁচটি আবাসিক হলে ওয়াই-ফাই সংযোগের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষক সংকট নিরসনে যোগ্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। পরিবহন সংকট মোকাবিলায় কয়েকটি বাস যুক্ত করা হয়েছে এবং আরও বাস যুক্ত করার প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে নতুন চারটি আবাসিক হল নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট চালুর লক্ষ্যে জমি অধিগ্রহণ করে ক্যাম্পাস সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বক্তব্য দেন।

এ ছাড়া বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহিনুজ্জামান, আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার বক্তব্য দেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষা প্রশাসন বিভাগের নুছরাত শরীফ সাবিহা ও বিবিএ বিভাগের নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইউসূফ শেখ ও জান্নাতুল ফেরদৌস ইরা।

নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]