প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা—এমন মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শিবির সভাপতি।
একই দিন রংপুরে এসে বিরোধী দলগুলোর লংমার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে রাশেদ খাঁনের নানা বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা নুরুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চান।
জবাবে তিনি বলেন, ‘রাশেদ খান তো বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তার এই পদের ব্যাপারে আমরা সন্দিহান। তার কাছেও জিজ্ঞাসা করলে সম্ভবত তিনি তার পদের আসলে কী কাজ, সেটার উত্তর দিতে পারবেন না। তার একমাত্র কাজ হচ্ছে জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নেগেটিভ কথাগুলো বলা অথবা যা-ই হোক না কেন, পজিটিভকেও নেগেটিভভাবে উপস্থাপন করা।’
বিরোধী দলগুলোর লংমার্চ প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এ কর্মসূচি দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের বিষয়টিও রয়েছে। পাশাপাশি প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির দাবিও রয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশে ‘অরাজক পরিস্থিতি’ তৈরি হয়েছে এবং জুলাই গণভোটের রায় ও জুলাই চার্টার বাস্তবায়ন করা হচ্ছে না। একই সঙ্গে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
লংমার্চে জ্বালানি তেল ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, এ ধরনের বক্তব্য আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরানোর অপচেষ্টা। বিরোধী দলগুলো নিজেদের অর্থায়নে কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘প্রতিবাদের উদ্দেশ্য কী সেটা নিয়ে মূলত আলোচনা হওয়া দরকার এবং সরকার মহলে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু দৃষ্টি ফেরানোর জন্য জ্বালানি তেল, হাবিজাবি এসব কথা বলা হচ্ছে।’
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ‘বিরোধী দল বা ১১ দলীয় ঐক্য যে কর্মসূচি পালন করছে, ইসলামী ছাত্রশিবির তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করছি।’
এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি নির্বাচনে সুবিধা পেয়েছে। তবে এসব দাবির পক্ষে দেওয়া বক্তব্য ও উদাহরণগুলোকে তিনি নিজের রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে উপস্থাপন করেন।
সবশেষে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে ছাত্রশিবিরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর