বরগুনা পৌর শহরের স্বর্ণকার পট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার দুপুরে ওই এলাকার সেন্টু নামের এক ব্যক্তির মালিকানাধীন স্বর্ণের পালিশ ও নকশার কারখানায় এই তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল পৌর শহরের স্বর্ণকার পট্টি এলাকায় পৌঁছায়। পরে সেন্টুর কারখানায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় কয়েকটি পোটলা থেকে মোট ৩২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। এ সময় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন, তদন্ত কর্মকর্তা ইউনুস আলী ফরাজীসহ অর্ধশতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বর্ণের কারখানার আড়ালে মাদক ব্যবসার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর