নড়াইল জেলা আদালতে মারামারির একটি মামলায় হাজিরা দিতে আসা ১১ জনকে ১২টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের মো. এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), তৈয়েবুর রহমান (৫৫), সেলেন্দার আলী (৫৫), হাসানুর রহমান (৫৪), শরিফুল মোল্যা (৪৫), জুলফিকার রহমান (৪০), তারেক শেখ (৩২), রিয়াজুল শিকদার (২৭), হাফেজ শেখ (২৫), আরিফুল শেখ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মারামারির একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য আটক ব্যক্তিরা রবিবার আদালত চত্বরে আসেন। পরে তারা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রানদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, ‘আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।,
কুশল/সাএ
সর্বশেষ খবর