ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সারাদেশের মত জয়পুরহাটেও জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান কোদাল হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয় ।
কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও সক্রিয়ভাবে অংশ নেন। শেষে তিনি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের চেক প্রকল্প সভাপতির হাতে তুলে দেন ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর