• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ রাত

আশুলিয়ায় কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত ১, আহত ২৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭-৮টি গাড়িতে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারখানা চত্বরে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান থেকে বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। পরে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭-৮টি গাড়িতে আগুন ধরে যায়।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস স্টেশনের দুটি এবং ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত ৮টা ৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে একটি টেইলার্সে অবস্থান করছিলেন জয়নব। বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার টেইলার্সের টিনের ছাদ ভেদ করে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন আহত হন।

নিহত জয়নবের মেয়ে সানজিদা বলেন, আমার মা আমার বাড়িতে বেড়াতে এসেছিলেন। আমি একটি টেইলার্সে কাজ করি। ঘটনার সময় মা টেইলার্সের ভেতরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের পর একটি সিলিন্ডার টিনের ছাদ ভেদ করে মায়ের মাথায় পড়ে। এতে তিনি মারা যান। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

রাত ৮টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, কারখানায় ব্যবহারের জন্য আনা গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান থেকে সিলিন্ডার নামানোর সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা অন্তত পাঁচটি গাড়িতে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, সিলিন্ডার বিস্ফোরণের কারণে কারখানার জানালার কাচ ভেঙে পড়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাস্তায় যানজট থাকায় আমরা ৭টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে পাঁচ থেকে ছয়টি কাভার্ডভ্যানে আগুন দেখতে পাই। পরে রাত ৮টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, কাভার্ডভ্যানের ভেতরে এলপিজি সিলিন্ডার ছিল। আগুন কোথা থেকে লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

রাত পৌনে ৯টার দিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের অধিকাংশই কারখানার আশপাশের সবজি বিক্রেতা ও পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে আরও ২ জন শরীর বেশি দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একজন নারী সিলিন্ডারের আঘাতে নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]