ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, বাংলাদেশে অনেক জায়গাতেই নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমনকি সোনার গহনা পরে চলাফেরাকেও তিনি নিরাপদ মনে করেন না।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা।
তিশা বলেন, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের এমন অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, যেগুলো তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব ঘটনাকে অন্যায় মনে হলেও যথাযথ ন্যায়বিচার পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে তিশা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে অভিনীত তাঁর আসন্ন সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর