• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ রাত

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিলে হবে না। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর/২৬) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পুলিশের জনবল ও সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগী ভূমিকা পালন করতে হবে। সম্ভাব্য নাশকতা ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে স্থানীয়ভাবে সতর্কতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক কারবারিদের চলাচল বন্ধে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিতভাবে অভিযান পরিচালনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান নির্দিষ্ট সময়ের কোনো কর্মসূচি নয়; এটি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার ক্ষেত্রে তথ্যদাতাদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

জুয়া প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য ও কার্যক্রম গণমাধ্যমে নিয়মিত তুলে ধরতে হবে। বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি অচল ক্যামেরাগুলো দ্রুত সচল করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর গণমাধ্যম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, বিলবোর্ড ও ডিজিটাল প্ল্যাটফর্ম আরও কার্যকরভাবে ব্যবহারের কথা জানান প্রতিমন্ত্রী। উপজেলা পর্যায়ে ডিজিটাল বিলবোর্ড স্থাপনের উদ্যোগের কথাও বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

এ সময় সার্কেল এসপি দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। পরে স্থানীয় বাজারে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করে দোকানপাট, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]