শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা গ্রহণ করেননি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো অর্থ রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা নিতে অস্বীকৃতি জানান তিনি।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান জায়েদ খান। তবে অর্থটি রিফাতের হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জায়েদ খানের আর্থিক সহায়তার খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিফাত।
শুক্রবার রাতে রিফাত চৌধুরী জানান, তিনি শুনেছেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু অর্থ পাঠিয়েছেন। তবে সেই অর্থ তার কাছে পৌঁছানো হয়নি এবং বিষয়টি নিয়েও তাকে নিশ্চিতভাবে জানানো হয়নি।
এর আগে এক সাক্ষাৎকারে রিফাত জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। পরে জানা যায়, জায়েদ খান তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। শনিবার সেই অর্থ তার কাছে পৌঁছে দিতে গেলেও রিফাত তা গ্রহণ করেননি।
এদিকে গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পাওয়ায় কয়েক দিন মেঝেতে থাকতে হয় তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে একটি কেবিনে স্থানান্তর করা হয়।
আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
অভিনয়েও রয়েছে তার পরিচিতি। ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।
কুশল/সাএ
সর্বশেষ খবর