ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে ফাহাদ হোসেন নামের এক যুবকের লাথিতে আনোয়ার হোসেন (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ফাহাদের বাবা আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে দেওখোলা ইউনিয়নের কুকরাইল দক্ষিণ পাড়া গ্রামে মোবাইল ফোন নিয়ে ফাহাদ হোসেনের (১৯) সঙ্গে জিহাদ হোসেন (১৯) নামের এক যুবকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফাহাদ লোহার রড দিয়ে জিহাদের মাথায় আঘাত করলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভাতিজাকে মারধরের কারণ জানতে চাইলে ফাহাদ হোসেন তার চাচা আনোয়ার হোসেনের অণ্ডকোষে সজোরে লাথি মারেন। এতে আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেশী আবু হানিফা জানান, ভাতিজাকে মারধরের কারণ জানতে গিয়েই চাচা আনোয়ার হোসেন প্রাণ হারালেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবু তাহের নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর