সিরাজগঞ্জের সলঙ্গায় স্থানী বিএনপি নেতা জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে জাল স্বাক্ষরের মাধ্যমে অবৈধ সাবলিজ নিয়ে সরকারি (মসজিদ পুকুর) দখলের অপচেষ্টা ও প্রকৃত লিজ গ্রহিতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানার আঙ্গারু মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে আঙ্গারু মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সলঙ্গা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান সরকার স্বাক্ষর জাল করে অবৈধভাবে সাবলিজ নেওয়ার মাধ্যমে সরকারি মসজিদ পুকুরটি দখলের ষড়যন্ত্র করছেন। শুধু তা-ই নয়, এই বেআইনি দখলের প্রতিবাদ করায় ও নিজেদের অধিকার রক্ষা করতে চাওয়ায় ভুক্তভোগী সদস্যদেরকে হয়রানি করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হচ্ছে। এ সময় ভুক্তভোগীরা ভূয়া সাবলিজ বাতিল, দখলচেষ্টা বন্ধ এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আঙ্গারু মৎস্য সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর