ফরিদপুরের নগরকান্দায় পুরোনো একটি দোকান ভাঙার সময় দেয়াল ধসে মো. শাহিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরকান্দা অডিটোরিয়ামের পাশে জাফর মেম্বারের দোকান ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান ভাঙার সময় হঠাৎ একটি দেয়াল ধসে শাহিনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহিন নগরকান্দা উপজেলার শশা গ্রামের কামাল হোসেনের ছেলে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বিডি২৪লাইভকে বলেন, দেয়ালচাপায় নিহত শাহিনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা কারও বিরুদ্ধে অভিযোগ নেই মর্মে থানায় লিখিত দিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর