ফরিদপুরের সালথায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাঈমুজ্জামান নাঈম (৩০)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। নাঈমুজ্জামান নাঈম মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপনে নিজ এলাকায় ফেরেন নাঈম। বিষয়টি জানতে পেরে মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান বলেন, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার তিনি এলাকায় ফিরেছেন—এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর