নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে উপজেলা অফিস চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।
ঘটনার পর আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে গত ২৫ মে পূর্বধলা থানায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার ৩৩ আসামির মধ্যে ২৫ জন বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন আমাদের উপর নির্যাতন করে আমাদের মোটরসাইকেল পুড়িয়ে উল্টো আমাদের বিরুদ্ধে বিএনপি মামলা দায়ের করে । এ বিষয়টি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আসামিদের জামিন মুক্ত আসা করছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর