আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘রেফারেন্স’ হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় বাস্তবতা, এসএসসি পরীক্ষা, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসবসহ অন্যান্য বিষয় বিবেচনা করে নির্বাচনের সময় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউনেস্কোর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় নির্বাচনের যে কথা বলেছেন, সে বিষয়ে কমিশন কী ভাবছে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখনো পর্যন্ত কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে মন্ত্রী মহোদয় যে সময়ের কথা বলেছেন, তা একটি ভালো রেফারেন্স হিসেবে কাজ করবে। এই রেফারেন্সকে ভিত্তি করেই কমিশন পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি ভবিষ্যতের বিষয়। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা সবাই চায়। গত ১২ ফেব্রুয়ারি একটি ভালো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা আমাদের প্রত্যাশার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। সেই মানদণ্ড বজায় রাখা বা আরও উন্নত করাই কমিশনের লক্ষ্য।
ভোটের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ভোটার তালিকা, প্রয়োজনীয় উপকরণ এবং ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। এখন স্থানীয় বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া জরুরি। এসএসসি পরীক্ষা, রোজা, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং জাতীয় কর্মসূচিসহ সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করে কমিশন নির্বাচনের বিষয়ে একটি সুষ্ঠু সিদ্ধান্তে পৌঁছাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর