ভারতের উত্তরপ্রদেশে ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। শুটিংয়ের সময় তাঁর পোশাকে আগুন ধরে গেলেও সেটে থাকা কলাকুশলীদের তাৎক্ষণিক তৎপরতায় তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির একটি দৃশ্যে আগুন ব্যবহারের প্রয়োজন ছিল। চিত্রনাট্য অনুযায়ী, আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা। দৃশ্যধারণের একপর্যায়ে হঠাৎ বাতাসের গতি বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে অভিনেত্রীর পোশাকে। এতে শুটিং সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে ইউনিটের কর্মীরা দ্রুত সঞ্জনার দিকে ছুটে যান এবং পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন।
কলাকুশলীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে সঞ্জনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি ছাড়া আর কেউ আহত হননি।
দুর্ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সঞ্জনা পাণ্ডে। তিনি জানান, সিনেমার গল্প ও চরিত্রকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে পুরো টিম নিষ্ঠার সঙ্গে কাজ করছে।
অভিনেত্রীর আশা, সিনেমাটি মুক্তির পর দর্শক এর গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন।
‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি সিনেমা। এতে সঞ্জনা পাণ্ডের পাশাপাশি অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।
কুশল/সাএ
সর্বশেষ খবর