বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার অভিনয়ের পর্দার বাইরে কয়েক মিনিটের জন্য হয়ে গেলেন ভারতের ‘প্রধানমন্ত্রী’। অবশ্য বাস্তবে নয়, জনপ্রিয় টক শো ‘শেখর টুনাইট’-এর একটি বিশেষ পর্বে মজার ছলে ‘মুন্নাভাই’ চরিত্রে প্রধানমন্ত্রী সেজেছিলেন তিনি।
গান্ধী জয়ন্তী উপলক্ষে বিশেষ এই পর্বটি ২ অক্টোবর প্রচারিত হয়। অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন সঞ্জয়। তিনি বলেন, দেশের মানুষ অত্যন্ত ভালো ও অতিথিপরায়ণ হলেও ভারতে এখন আগের মতো শান্তির অনুভূতি তিনি পান না। তিনি আশা প্রকাশ করেন, দেশের সেই শান্তিপূর্ণ পরিবেশ আবার ফিরে আসবে।
‘প্রধানমন্ত্রী’ হয়ে বিদেশে যাবেন না মুন্নাভাই
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক শেখর সুমন সঞ্জয় দত্তকে পাঁচ মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কল্পনা করতে বলেন। এরপরই ‘মুন্নাভাই’ চরিত্রের স্বভাবসুলভ ভঙ্গিতে দেশের উদ্দেশে বক্তব্য দেন অভিনেতা।
নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করে সঞ্জয় বলেন, দেশের এত মানুষ ও এত বড় দায়িত্ব এখন তাঁর ওপর। তবে এই আনন্দ উদ্যাপন করতে তিনি বিদেশে যাবেন না। বরং দেশের মানুষের মধ্যেই থাকবেন।
মুন্নাভাইয়ের কণ্ঠে সঞ্জয়ের এই বক্তব্যকে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর নিয়ে পরোক্ষ রসিকতা হিসেবে ব্যাখ্যা করেছে। তবে পুরো বক্তব্যটিই ছিল অনুষ্ঠানটির হাস্যরসাত্মক স্কেচের অংশ এবং সঞ্জয় সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত মুন্নাভাইয়ের চরিত্রেই ছিলেন।

‘ট্রাম্প মামু’কে শেখাবেন গান্ধীগিরি
স্কেচের আরেক অংশে উঠে আসে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ। মুন্নাভাইয়ের চরিত্রে সঞ্জয় দত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মজা করে ‘ট্রাম্প মামু’ বলে সম্বোধন করেন। ট্রাম্পের শুল্কনীতি নিয়েও রসিকতা করেন তিনি।
এরপর ‘লাগে রাহো মুন্নাভাই’ সিনেমায় জনপ্রিয় হওয়া ‘গান্ধীগিরি’র প্রসঙ্গ টেনে সঞ্জয় বলেন, ভালোবাসার মাধ্যমেই শান্তি আসে এবং ভালোবাসার পথ হলো গান্ধীগিরি।
আবার কি ফিরছে ‘মুন্নাভাই’?
সঞ্জয় দত্তের এই উপস্থিতির পর নতুন করে আলোচনায় এসেছে ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৬ সালে প্রযোজক বিধু বিনোদ চোপড়া তৃতীয় কিস্তির ঘোষণা দিয়েছিলেন। তবে এখনো সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়নি।
সঞ্জয় দত্তকে সর্বশেষ রাজনৈতিক নাটক ‘আখরি সওয়াল’-এ দেখা গেছে। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘৭ ডগস’ সিনেমাতেও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামনে তাঁকে ‘খলনায়ক রিটার্নস’ সিনেমায় দেখা যাবে, যা ১৯৯৩ সালের ‘খলনায়ক’ সিনেমার পরবর্তী কাহিনি হিসেবে তৈরি হচ্ছে।
সূত্র: গ্লফ নিউজ
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর