পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে তালা ভেঙে ১১টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ফ্যানের পাশাপাশি বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও ‘সততা স্টোর’ থেকে কিছু টাকা নিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
রবিবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষ এলোমেলো অবস্থায় পাওয়া যায়। চুরির সময় বিদ্যালয়ের টেবিল ব্যবহার করায় তাতে জুতার স্পষ্ট ছাপ দেখা গেছে। তবে বিদ্যালয়ের কাঠের আলমারিতে রাখা ল্যাপটপ ও প্রজেক্টরের সরঞ্জাম অক্ষত রয়েছে। চোরেরা চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার ঘটনাস্থলে ফেলে গেছে। সংশ্লিষ্টদের ধারণা, বিদ্যালয়ের মূল গেট অক্ষত রেখে বারান্দার গ্রিল বেয়ে চোরেরা দোতলায় উঠেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সকালে শ্রেণিকক্ষে প্রবেশ করে ফ্যানের সুইচ দিলে কোনো ফ্যান চলেনি। পরে উপরে তাকিয়ে তারা দেখে ফ্যানগুলো নেই। তীব্র গরমে ক্লাস করতে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিভাবক রমেন চন্দ্র রায় বলেন, “বিদ্যালয়ে ১১টি ফ্যান চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ জানান, সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষ এলোমেলো দেখতে পান। তিনি বলেন, “অফিস কক্ষসহ চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষ থেকে মোট ১১টি ফ্যান চুরি হয়েছে। এছাড়া সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের টাকাও খোয়া গেছে। স্থানীয়দের কাছে শুনেছি, বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর বিদ্যালয়ে কিছু লোক আড্ডা ও মাদক সেবন করছে। ধারণা করা হচ্ছে, তারাই এ ঘটনার সাথে জড়িত।” তিনি আরও জানান, বিষয়টি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর