পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মনকে ভয়ভীতি দেখিয়ে মারধর, ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে বোদা পৌর যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বোদা পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন বাদী হয়ে বোদা থানায় মামলা দায়ের করেছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে পরিমল চন্দ্র বর্মন বোদা বাজারের শিমুলতলী মোড়ে চা পান করতে গেলে এক অজ্ঞাত নারী তাকে কৌশলে ডেকে থামান। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করেন এবং ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার পকেট থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং চারটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। এছাড়া তার মোটরসাইকেলের চাবিও কেড়ে নেওয়া হয়।
পরদিন বিকেলে পরিমল স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং পরিমলের স্বাক্ষর করা স্ট্যাম্প ও মোটরসাইকেল উদ্ধার করে।
ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন বলেন, ‘এটি একটি পরিকল্পিত চক্রান্ত। অভিযুক্তদের সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত সোহেল ও আনোয়ার হোসেন রনির প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ সাময়িকভাবে বাতিল করেছে বোদা পৌর যুবদল। পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. অলিয়ার রহমান অলি ও সদস্যসচিব মো. আফছারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সদস্যসচিব মো. আফছারুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর