দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং আরও কয়েকটি এলাকায় দুজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ৩৯৩ রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৮ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৬৪, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১২৩, ময়মনসিংহে ৮৫, খুলনায় ১১১ এবং রংপুরে ৪২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯১০ জনের।
হাম ও এর উপসর্গ নিয়ে ক্রমবর্ধমান রোগী ও মৃত্যুর ঘটনায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর