রাজধানী ঢাকায় বেপরোয়া রিকশা চলাচল চরম পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও ইঙ্গিত দেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, অল্পসংখ্যক আসন পেয়েও তারা সরকার পতনের হুমকি দিচ্ছেন এবং অশ্লীল বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ও রাজনৈতিক অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সরকার গঠনের মাত্র পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচিরও সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, এই সময়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এমন কর্মসূচি হঠকারী সিদ্ধান্ত।
দেশের অর্থনীতি ও গণতন্ত্রের সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, দেশ যতবার সংকটে পড়েছে, ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। বিএনপি প্রতিবারই সেই সংকট থেকে দেশকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি। বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।
বিদ্যুৎ ও গ্যাসসংকটের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নীতিকে দায়ী করে তিনি বলেন, বর্তমান সরকার এ সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য খাতের প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সরকার আগের যেকোনো সময়ের তুলনায় এ খাতের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, এর খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে।
এ ছাড়া বিগত ১৭ বছরে মানুষ ভয়ে ফোনে কথা বলার সাহস পেত না উল্লেখ করে চিফ হুইপ বলেন, বর্তমানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর