নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম শাহরিয়ার আহমেদ রাফি। রাফি উপজেলার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামের সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মদিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় রাফি। সিসিটিভি ফুটেজে তার পুকুরে পড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে বলে জানা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে লোহাগড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাফি স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা। রাফির মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশু রাফির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর