শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের তিনটি শ্রমিক কলোনির অন্তত ৫০টি কক্ষ পুড়ে গেছে। এ ছাড়া আগুনে একাধিক বহুতল আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া তেঁতুলতলা এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে আগুন আশপাশের গোডাউন, শ্রমিক কলোনি ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে জামগড়া তেঁতুলতলা এলাকায় ঝুটের গোডাউনে আগুন দেখতে পান তাঁরা। পরে বিষয়টি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে জানানো হয়। এর মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন ধরনের ব্যবহৃত পণ্যের অন্তত ১২টি গোডাউনে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
একপর্যায়ে আগুন পাশের তিনটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে কলোনিগুলোর অন্তত ৫০টি কক্ষ পুড়ে যায়। এ ছাড়া আশপাশের একাধিক বহুতল আবাসিক ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা একপর্যায়ে শ্রমিক কলোনি ও বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত গোডাউনের আগুন নেভানোর কাজ চলে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো. মামুন হোসেন বলেন, রাত ৯টা ৩৯ মিনিটে ঝুট ও তুলার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে এক মিনিটের মধ্যে তাঁদের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পাশাপাশি ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট রওনা দেয়। তবে সড়কে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। পাশাপাশি থাকা সেমিপাকা বসতবাড়ির অন্তত ৫০টি কক্ষও আগুনে পুড়ে যায়। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর