জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) না থাকায় গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের বগারপাড়, তারাকান্দি ও মানিকপটল কমিউনিটি ক্লিনিকে বর্তমানে কোনো সিএইচসিপি নেই। এর মধ্যে তারাকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিউটি আক্তার গত আগস্ট মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া মানিকপটল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহানা আক্তার গত ৬ জুলাই মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়ে পড়ে।
নিয়ম অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে স্থানীয় বাসিন্দাদের নিয়োগ দেওয়া হয় এবং সাধারণত তাদের বদলির সুযোগ নেই। তবে বগারপাড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মল্লিকা আক্তার গত ১৫ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বড়ইকান্দি কমিউনিটি ক্লিনিকে বদলি হয়েছেন। স্থানীয়ভাবে শূন্য পদগুলোতে জনবল পদায়ন বা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে সিএইচসিপি মল্লিকা আক্তার বলেন, ‘আমরা ২০১১ সালে নিয়োগ পেয়েছি এবং ২০১৪ সাল থেকে আমাদের বদলির নিয়ম চালু হয়েছে। আমার সঙ্গে আরও চারজন বদলি হয়েছেন এবং অনেকেই বদলির জন্য আবেদন করেছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, উপজেলার ৪৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪২টিতে সিএইচসিপি কর্মরত আছেন। বগারপাড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মল্লিকা আক্তারের বদলিটি নিয়মতান্ত্রিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে সিএইচসিপি মল্লিকা আক্তারের বদলির আদেশে স্বাক্ষরকারী কমিউনিটি বেজড হেলথ কেয়ারের উপ-সচিব ডা. বিমল চন্দ্র দেব বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যদি কমিউনিটি বেজড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করেন, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর