বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত অভিনেতা আমির খান। অভিনয়জীবনের সাফল্য থেকে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা—সবকিছু নিয়েই আলোচনায় থাকেন তিনি। তবে নানা বিতর্কের বাইরে থেকে ইতিবাচকভাবে জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে আমির খানের নতুন লুক ঘিরে শুরু হয়েছে আলোচনা। চুলে পাক ধরা ধূসর রঙের সাধারণ সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তবে নতুন এই অবতারে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে অভিনেতাকে।
বয়স বাড়ার সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক বিষয় হলেও, আমিরের নতুন লুক দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—এটি কি কোনো নতুন সিনেমার চরিত্রের প্রস্তুতি? ভক্তদের একাংশের ধারণা, পর্দায় নতুন কোনো চরিত্রে অভিনয়ের জন্যই হয়তো নিজের চেহারায় এই পরিবর্তন এনেছেন তিনি।
তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন আমির। অভিনেতা জানিয়েছেন, নতুন কোনো চলচ্চিত্রের চরিত্রের জন্য নয়, বরং চুলে নিয়মিত রং করা বন্ধ করে দেওয়ায় তাঁর চেহারায় এই পরিবর্তন এসেছে।
আমিরের ভাষ্য, চুলে নিয়মিত কলপ বা রং করতে করতে একঘেয়েমি চলে এসেছিল। তাই আপাতত চুলের স্বাভাবিক রং ও ধূসর ভাব নিয়েই থাকতে চান তিনি।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই। আমিরের নতুন লুক নিয়ে মজার ছলে তিনি বলেন, অভিনেতাকে যখনই কোনো ভিন্ন অবতারে দেখা যায়, তখনই ধরে নিতে হয়, নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা প্রস্তুতি শুরু করেছেন তিনি।
তবে এবার আমিরের ধূসর চুলের পেছনে নতুন সিনেমার কোনো রহস্য নেই। নিয়মিত চুলে রং করার অভ্যাস থেকে বেরিয়ে এসে নিজের স্বাভাবিক চেহারাতেই থাকতে চাইছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর