দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধ, মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন এলাকা ও আশপাশে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা। অভিযানের মূল লক্ষ্য ছিল আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর