কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজনকে একসঙ্গে বসে তাস খেলতে দেখা যায়। এ সময় তাদের সামনে ও হাতে টাকা দেখা গেছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খান রয়েছেন বলে দাবি করা হচ্ছে। ফরিদ উদ্দিন খান দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার ভিডিও ছড়িয়ে পড়ার পর তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন।
এদিকে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির একাধিক নেতার দাবি, স্থানীয় স্রোন্দ্রম সরকার পুকুরপাড়ে ফরিদ উদ্দিন খানকে প্রায়ই জুয়ার আসরে দেখা যায়। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, এ ধরনের অপরাধ দল কোনোভাবেই সমর্থন করে না। শুনেছি, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। যদি তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে কীভাবে নির্বাচন করবেন? আমরা তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে সুনির্দিষ্ট ব্যবস্থা নেব।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, জুয়া খেলার একটি ভিডিও নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়েছে। জুয়ার আসরে থাকা ব্যক্তিরা সবাই পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর