নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরির চার দিন পর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার ‘নূর ক্লথ স্টোর’ থেকে জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। তবে ল্যাপটপটি উদ্ধার হলেও ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম এখনো পাওয়া যায়নি। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সান্তাহার থেকে নওগাঁ যাওয়ার পথে কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা ট্রেনের সিটের নিচে ব্যাগটি কুড়িয়ে পান। নওগাঁয় গিয়ে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে তিনি বিষয়টি তার ছেলে অন্তরকে জানান। পরবর্তীতে সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর জানতে পেরে তারা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশের একটি দল কাপুড়িয়া পট্টি এলাকার নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপ উদ্ধারের বিষয়টি জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে এবং তিনি এ জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে আসা জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে সান্তাহার হয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান। সেখান থেকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য তিনি স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় কৌশলে এক ব্যক্তি তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী পর্যটক নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে অবশেষে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর