সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে ৩২টি মন্দির কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে তাহিরপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ। ওসি (তদন্ত) সুশংকর পালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবেশ রঞ্জন রায়, সদস্য সচিব রিংকু রায়, রণধীর দাশ ধদি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ তালুকদার, পূজা উদযাপন পরিষদের সদস্য দেবরাজ পুরকায়স্থ দেবল, সমিরণ রায়সহ ৩২টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ।
সভায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ছয়টি মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়া দুটি পুলিশ ফাঁড়িসহ থানার সকল সদস্য যেকোনো প্রয়োজনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পূজা উপলক্ষে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর