নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জড়িত অপর এক নারী আসামি রাবিয়া আক্তার (৪৪) পলাতক রয়েছেন। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬৫ হাজার ৫০০ টাকা।
রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত ৮টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় আসামিদের বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর থেকে সাদা কাগজে মোড়ানো ৩৫টি পুরিয়ায় মোট ৭ গ্রাম হেরোইন এবং একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম।
গ্রেপ্তার বিল্লাল মিয়া ঠাকুরাকোণা এলাকার সুলতান মিয়া ও রাবিয়া আক্তারের ছেলে। অপর আসামি রাবিয়া আক্তার (৪৪) একই এলাকার বাসিন্দা। তিনি বিল্লাল মিয়ার মা বলে মামলার তথ্য থেকে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ নাজমুল হুদা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা হেরোইন ও ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬৫ হাজার ৫০০ টাকা। পলাতক নারী আসামিকে গ্রেপ্তারের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর