বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিম আহম্মেদ তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মঈনউদ্দিন আহাম্মেদ বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার ওরফে পলাশ। পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন।
এ ঘটনায় পলাশের স্ত্রী ওই বছরের ২৫ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।
মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে পুলিশ উল্লেখ করে, ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর