জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে অভিনেতার প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শন রেইলির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে প্রিয় অভিনেতা, সমাজসেবক ও প্রতিবন্ধী অধিকারকর্মী আরজে মিতে আর নেই।
২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন মিতে। সিরিজটিতে তিনি রসায়নের শিক্ষক থেকে মাদকসম্রাট হয়ে ওঠা ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করেন। ওয়াল্টার হোয়াইটের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ব্রায়ান ক্র্যানস্টন।
সেরিব্রাল পালসি বা মস্তিষ্কজনিত পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন আরজে মিতে। নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘ব্রেকিং ব্যাড’-এ চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পক্ষেও সক্রিয় ছিলেন এই অভিনেতা।
শন রেইলি জানান, মিতে ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মিতে ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ মৌসুমে প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ টেলিভিশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও আলোচিত সিরিজ হিসেবে পরিচিত। অপরাধ, পারিবারিক সম্পর্ক এবং নৈতিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত সিরিজটি বিশ্বজুড়ে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন সিরিজ হিসেবে ‘ব্রেকিং ব্যাড’-এর নাম উল্লেখ করেছে।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন আরজে মিতে। তার মৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর