নেত্রকোনার মদনে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া এলাকার বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারি আকন্দ হীরা (২৯), মদন দক্ষিণপাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবীর (৩২), কাইকুড়িয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবদ্দার গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, মাদক সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর