পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল উদ্দিন ছাড়া দণ্ডিত অন্যরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার। এ ছাড়া আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজও দণ্ড পেয়েছেন।
রায়ে বলা হয়, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিটি ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড এবং প্রতিটি ধারায় ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রাজউকের ছয় সাবেক কর্মকর্তা এবং শওকত ও আশফাক আজিজ—সবার ক্ষেত্রেই একই দণ্ড প্রযোজ্য।
মামলার তথ্য অনুযায়ী, প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠার প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদক মামলাটি দায়ের করে। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হন।
অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর