বগুড়ার নন্দীগ্রামে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল ১১টায় উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের বুড়ইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য। এরপর দুপুর ১২টায় খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দুপুর সাড়ে ১২টায় নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোশারফ হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। দুপুর ১টায় নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।
এদিকে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এসব কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। দিনের সর্বশেষ কর্মসূচিতে বিকেল ৩টায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজরুলে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন।
এসব কর্মসূচির মধ্য দিয়ে নন্দীগ্রামে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগের সূচনা হয়। সেসময় তার সাথে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর