জাপান প্রবাসী এক তরুণীর সঙ্গে প্রেমের অভিনয় ও বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং নিজের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান। মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারস্থ নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান জানান, জাপান প্রবাসী ওই তরুণীকে সহায়তা করার কারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা জান্নাতুল নাঈম তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। এ সময় জাপান থেকে মুঠোফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী প্রবাসী তরুণী অভিযুক্ত জান্নাতুল নাঈমের বিচার ও তার কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানান।
মিজানুর রহমান অভিযোগ করেন, ঈশ্বরগঞ্জের বাসিন্দা বিবাহিত জান্নাতুল নাঈম ফেসবুকে ‘অন্ত সরকার দ্রুব’ নাম ব্যবহার করে নিজেকে হিন্দু ও অবিবাহিত পরিচয় দিয়ে নোয়াখালীর জাপান প্রবাসী এক হিন্দু তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এই পরিচয়ে তিনি ওই তরুণীর কাছ থেকে একটি আইফোন ও বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবি করলে তরুণীর সন্দেহ হয়। একপর্যায়ে ওই তরুণী নালিতাবাড়ীর আরিফুল ইসলামের মাধ্যমে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে প্রতিকার চান।
মিজানুর রহমান আরও বলেন, তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে জান্নাতুল নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে আনা হয়। সেখানে আয়োজিত সালিশি বৈঠকে জান্নাতুল নাঈম নিজের দোষ স্বীকার করেন এবং অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে তিনি উল্টো মিজানুর রহমানের বিরুদ্ধে শেরপুর আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জান্নাতুল নাঈমের বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালতে দায়ের করা মামলার বিবরণীতে তিনি অভিযোগ করেছেন, তাকে মারধর করে তার মোটরসাইকেল, আইফোন, নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা, ডেবিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন শেরপুর আদালত।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর