বিমানযাত্রায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমানের সেবার মান ও ফ্লাইটের শিডিউল নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেন অভিনেতা। সেখানে বিমানে ওঠার পর থেকে শুরু হওয়া ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ইরফান সাজ্জাদ জানান, বিমানে ওঠার পর তিনি দেখতে পান, ককপিটে কাজ চলছে। তখনই পরিস্থিতি নিয়ে তাঁর মনে শঙ্কা তৈরি হয়। পরে কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মজার সংগীত যুক্ত করেন অভিনেতা। পোস্টে তিনি লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

অভিনেতার ভাষ্য অনুযায়ী, বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের। ক্ষোভ প্রকাশের পাশাপাশি রসিকতা করে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও উল্লেখ করেন তিনি।
ইরফান সাজ্জাদের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত ও নেটিজেনরা। মন্তব্যের ঘরে অনেকেই দেশের বিমানসেবার মান এবং যাত্রীদের ভোগান্তি নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর