পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ডাংগিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সরকারি নথিপত্র এবং ২৬ বছরের শিক্ষার্থীদের বোর্ড প্রদত্ত সনদপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের বাসায় সংরক্ষণ করছেন। সরকারি বিধি উপেক্ষা করে বছরের পর বছর গুরুত্বপূর্ণ নথিপত্র বাসায় রাখায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে ২০২৪ সালে ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন রয়েছে। এর মধ্যে একটি কক্ষ প্রধান শিক্ষকের জন্য বরাদ্দ থাকলেও সেখানে নথিপত্র না রেখে তিনি তা নিজের বাসায় রেখেছেন। বিদ্যালয়ের ওই কক্ষে নথিপত্র রাখার জন্য দুটি বড় স্টিল আলমারি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও তিনি তা ব্যবহার করছেন না।
এ বিষয়ে প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমি সরকারি নথিপত্র এবং এসএসসি ও জেএসসি শিক্ষার্থীদের সনদ বাসায় রেখেছি। তবে প্রয়োজন হলে আমি তা বিদ্যালয়ে নিয়ে আসি।’
সরকারি নথিপত্র বাসায় রাখার কোনো সুযোগ নেই জানিয়ে আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিরুল ইসলাম বলেন, ডাংগিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর