পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের মাইটের গোড়ার খাল এলাকা থেকে আনুমানিক ৬০ কেজি কাঁকড়াসহ তিনজনকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম-১। এ সময় একটি ডিঙি নৌকা, ৫০টি কাঁকড়া ধরা আটনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম-১-এর টিম লিডার সজল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, গাবুরার চকবারা এলাকার শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪২), বুড়িগোয়ালিনীর ছাত্তার তরফদারের ছেলে মোঃ আব্দুল গনি (৪৯) ও বুড়িগোয়ালিনীর নীলডুমুর এলাকার আকসাদের ছেলে মোঃ রাসেল ইসলাম । অভিযানকালে কাঁকড়া ও নৌকা ছাড়াও একটি পানির ড্রাম, তিনটি বৈঠা, একটি দা এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় বলে বনবিভাগ সূত্রে জানাগেছে। আটক ব্যক্তিদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি পিওআর বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন বলেন, সুন্দরবনে সকল ধরনের অপতৎপরতা ঠেকাতে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় অভয়ারণ্য এলাকায় প্রবেশের দায়ে তিন জনকে আটক করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনকে সুন্দর করার প্রচেষ্টা অব্যাহত আছে। বর্তমানে স্মার্ট টিমের পাশাপাশি স্পেশাল টিম সুন্দরবন সুরক্ষায় কাজ করছে। সুন্দরবন সুরক্ষায় যতটুকু করা যায়, ততটুকুই করতে চাই। এই রেঞ্জে নতুন হিসেবে বনজবীদের জানিয়ে দিতে চাই সুন্দরবনের অপরাধ এড়িয়ে চলুন, বনবিভাগ আপনাকে সহযোগিতা করবে। জেলেদের জন্য এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা জলদস্যু, পশ্চিম বনবিভাগে জলদস্যু নির্মূলে কোষ্টগার্ডের সাথে যৌথ অভিযান পরিচালনা করবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর