সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপানোর চেষ্টা করে ছেলে। এ সময় মাকে বাচাতে এগিয়ে এলে চাচি ও চাচাতো ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে চাচি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পারবাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সুধা রানী মন্ডল (৫৫)। তিনি ওই গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী। আহতরা হলেন অভিযুক্তের মা কমলা রানী মন্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল। অভিযুক্ত রমেশ মন্ডল (৩০) একই গ্রামের সিদাম মন্ডলের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।
কমলা রানী মন্ডল জানান, তার ছেলে মাদকাসক্ত। বুধবার রাতে মাদক কেনার জন্য ১ হাজার টাকা চান রমেশ। টাকা না থাকায় দিতে পারেননি। আজ সকালেও টাকা চাইলে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কোপানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দেবরের স্ত্রী সুধা রানী ও সমীর কুমার এগিয়ে এলে তাদেরও কোপান রমেশ। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুধা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত কমলা রানী ও সমীরকে ভর্তি করা হয়। পরে সমীরের অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর