ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০ পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় বাজার খরচ বহনের ঘোষণা দিয়েছেন। তিন মাস করে ধাপে ধাপে এসব পরিবারের জন্য মুদিপণ্য সরবরাহ করবেন তিনি। তাঁর আশা, এই উদ্যোগ অন্যদেরও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ উদ্যোগের কথা জানান রাশমিকা।
অভিনেত্রী জানান, এত দিন মানুষের জন্য এমন সহায়তামূলক কাজ ব্যক্তিগতভাবেই করতেন তিনি। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আনার উদ্দেশ্য হলো, তাঁর অনুসারীরাও যেন সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হন।
রাশমিকা বলেন, তাঁর অভিনীত ‘জয়াম্মা’ চরিত্রের সঙ্গে নিজের ব্যক্তিত্বের কিছু মিল রয়েছে। বিশেষ করে অন্যদের সাহায্য করার ইচ্ছার দিকটি তাঁদের মধ্যে মিল তৈরি করেছে।
৪০০ পরিবারের জন্য সহায়তা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, আগামী এক বছর ধরে প্রতি তিন মাসে ৪০০টি পরিবারকে বাজারের খরচ বাঁচাতে সহায়তা করবেন। এতে পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে ব্যয় কমিয়ে সঞ্চয় করতে পারবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সেই অর্থ কাজে লাগাতে পারবে বলে আশা তাঁর।
অভিনেত্রী আরও বলেন, মানুষের জীবনে পরিবর্তন আনতে বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই। ছোট একটি ভালো কাজও কারও জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অনুসারীদের নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মজীবনের নানা চ্যালেঞ্জ, পরিশ্রম ও কষ্টের কথা উল্লেখ করে রাশমিকা বলেন, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখের হাসি তাঁর কাছে অমূল্য। এই হাসিই তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও সংগ্রামকে সার্থক করে তোলে।
এদিকে রাশমিকাকে সামনে দেখা যাবে ‘রানাবালি’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
সাজু/নিএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর