ঢাকার সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এরআগে বুধবার রাত ৯টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক আল-আমিন বলিয়ারপুর এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশাচালক সাত্তার পাগলার ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে এসআই মতিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আল-আমিনকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মো. মতিউর রহমান বলেন, বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে জানান তিনি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর