কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকেলে শিলখুড়ি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা কমিটি অনুমোদনে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। ইউনিয়ন বিএনপির ত্যাগী, নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি করে এমন ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিতর্কিত কমিটি বাতিল করে অনতিবিলম্বে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে গ্রহণযোগ্য কমিটি অনুমোদনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাফিজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির প্রবীণ সদস্য ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর বক্তব্য রাখেন।
শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ জানান , ইউনিয়ন বিএনপির ত্যাগী, নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে উপজেলা কমিটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি করে এমন ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ জানান, একটি ইউনিয়নে অসংখ্য ত্যাগী ও যোগ্য নেতাকর্মী থাকেন। সবাইকে কমিটিতে পদে রাখা সম্ভব হয়না। যারা পদ পাননি তারা ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাদের কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী সমর্থকদের অন্তর্ভুক্ত করার দাবি ভিত্তিহীন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর